ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রেণিকক্ষে আগুন লেগে নাইজারে ২৬ শিশুর মৃত্যু

আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ নাইজারের বিদ্যালয়ে শ্রেণিকক্ষে আগুন লেগে ২৬ শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয় আরও কিছু শিক্ষার্থী। সোমবার (৮ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিদ্যালয়ে ঘটনাটি ঘটে বলে মঙ্গলবার (৯ নভেম্বর) পৃথক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।


নিহত ওই শিশু শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। অগ্নিকাণ্ডে বিধ্বস্ত শ্রেণিকক্ষটি কাঠ ও খড়ের তৈরি ছিল। গত সাত মাস আগে নাইজারের রাজধানী নিয়ামেইতেও প্রায় একই রকম একটি ঘটনা ঘটেছিল।


দেশটির মারাদি শহরের মেয়র চাইবু আববকর জানিয়েছেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী- আগুনে পুড়ে ২৬ শিশু শিক্ষার্থী মারা গেছে এবং আহত হয়েছেন আরও ১৩ জন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।


এএফপি বলছে, বিশ্বের দরিদ্রতম রাষ্ট্রগুলোর মধ্যে একটি নাইজার। অতিদরিদ্র দেশ হওয়ার কারণে সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনার মতো প্রয়োজনীয় অবকাঠামো নেই। ফলে পশ্চিম আফ্রিকার এই দেশটির সরকার কাঠ ও খড় দিয়ে তৈরি ভবনগুলোকে আপাতত শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করছে।


বিশ্লেষকদের মতে, নাইজারজুড়ে এমন শ্রেণিকক্ষের সংখ্যা হাজার হাজার। এমনকি ক্লাসের অভাবে দেশটির বহু শিক্ষার্থী খোলা আকাশের নিচে মাটিতে বসে ক্লাস করে থাকে।


ফরাসি বার্তা সংস্থাটি জানায়, নাইজারজুড়ে কাঠ ও খড়ের তৈরি এমন শ্রেণিকক্ষে আগুন লাগার ঘটনা খুবই সাধারণ। যদিও সেসব আগুনে হতাহতের সংখ্যা খুবই বিরল।


এ দিকে শ্রেণিকক্ষে আগুন লেগে বিপুল সংখ্যক শিশু শিক্ষার্থীর হতাহতের ঘটনায় নাইজারের মারাদি অঞ্চলে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে এই শোক পালন করা হচ্ছে।


উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে নাইজারের নিয়ামেই জেলায় ক্লাস চলাকালে একটি শ্রেণিকক্ষে আগুন লেগে ২০ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑